
ম্যান মেড বন্যা নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই ম্যান মেড তত্ত্বকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী।
তবে বন্যা নয় খিদিরপুরের অগ্নিকাণ্ডকে ম্যান মেড বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর কথায় খিদিরপুরে পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে। রবিবার গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে খিদিরপুর বাজারের অন্তত ১৩শ দোকান ভস্মীভূত হয়েছে। এখনও পুরোপুরি আগুন নেভেনি। কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। সোমবার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষতিগ্রস্তরা। মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ নেবেন না বলেও জানিয়ে দেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সেখানে গিয়েই কার্যত মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর ওপর মানুষের আস্থা উঠে গিয়েছে। তিনি সবার মুখ্যমন্ত্রী হতে পারেন নি। রাজ্যে পুরো সিস্টেম ভেঙে পড়েছে। আগুন লাগার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন ঘটনাস্থলে এসেই মুখ্যমন্ত্রী বলেছিলেন দোকানের জন্য জায়গা ঠিক করা আছে। তার মানে পুরো এলাকা বিক্রি করে দিয়েছেন।
তৃণমূল মানে এখন মা মাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। এর আগে বিধানসভায় বিষয়টি উত্থাপন করে শুভেন্দু অধিকারী বলেছিলেন রাজনৈতিক ঝান্ডা ছেড়ে একজোট হয়ে এর বিরুদ্ধে সরব হতে হবে।
