
ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না! দ্বিতীয় দফার ভোটের সকালে নজিরবিহীন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের বুথে বুথে যাওয়াকে এইভাবে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
তৃণমূলনেত্রীকে সকাল সকাল রাস্তায় দেখে শুভেন্দু খোঁচা দিয়ে বলেছেন, তৃণমূল যে গো-হারান হারছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছোটাছুটি দেখেই পরিষ্কার। কোথাও অশান্তি নেই, উৎসবের মেজাজে ভোট হচ্ছে। মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে— এটাই তো চাই। আর কী! শুভেন্দুর দাবি, হারের ভয়েই মুখ্যমন্ত্রী আজ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমেছেন।
সকাল থেকে ভবানীপুরের বিভিন্ন বুথে মৃদু উত্তেজনাও লক্ষ্য করা গেছে। এমনকি পুলিশের সাথে মুখ্যমন্ত্রীর ভাইয়ের উত্তপ্ত বাক্যবিনিময়ও নজর কেড়েছে।




