
দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনার বাসভবনের সামনে নোংরা জল ঢেলে বিক্ষোভ দেখিয়েছেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল। সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে যদি পরিস্থিতি না শুধরোয়, তা হলে এ বার ট্যাঙ্কারভর্তি নোংরা জল নিয়ে এসে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে দাঁড় করিয়ে দেবেন।
রাজধানীর বহু এলাকায় জল সরবরাহ নিয়ে অভিযোগ উঠেছে। নোংরা এবং অপরিস্রুত জল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ। আর তা নিয়েই এ বার ময়দানে নেমে পড়েছেন আপ সাংসদ। মূলত দ্বারকা, সাগরপুর-সহ বেশ কিছু এলাকায় অপরিস্রুত জল সরবরাহ করা হচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ। সেই অভিযোগ সঠিক কি না খতিয়ে দেখার জন্য দ্বারকায় যান। সেখানে বাড়ি বাড়ি গিয়ে জলের পরিস্থিতি খতিয়ে দেখেন। তার পর একটি বাড়ির কল থেকে এক বোতল অপরিস্রুত জল নেন। তার পর সেই জলের বোতল নিয়েই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে ঢেলে দেন।
স্বাতীর আক্রমণের নিশানায় ছিলেন দ্বারকার বিধায়ক বিনয় মিশ্রও। ঘটনাচক্রে তিনি আবার দিল্লি জল বোর্ডের সহ-সভাপতি।
