
একমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র অনুমোদিত ওরাল রিহাইড্রেশন সলিউশন ছাড়া কোনও পানীয়কে ওআরএস নাম দিয়ে বিক্রি করা যাবে না। ভুয়ো ওআরএস-এর বিক্রি রুখতে এ বার কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রের খাদ্য সুরক্ষা ও গুনমান দফতর।
নয়া নির্দেশিকায় বলা হয়েছে, হু-র অনুমোদন ছাড়া এখন থেকে কোনও খাদ্যপণ্যের নামকরণে ওআরএস শব্দটি রাখা যাবে না। শুধু, তা-ই নয়, এ ধরনের সমস্ত পণ্য বাজার থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে।
১৪ অক্টোবর জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত খাদ্যপণ্যের নাম ও বিজ্ঞাপন থেকে ওআরএস শব্দটি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।
এমনকি, ট্রেডমার্কের অংশ হিসেবেও পণ্যের নামে এই শব্দটি ব্যবহার করা যাবে না। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা ও গুণমান আইনের অধীনে এই নির্দেশ হয়েছে। বলা হয়েছে, একমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত পণ্যই ওআরএস নাম ব্যবহার করে বাজারে আনা যাবে। এর আগে ২০২২ সালেও এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র।
