
স্বাস্থ্য ভালো রাখতে খাদ্যাভ্যাসে নজর দেওয়া জরুরি। বলা হয় আপনি কী খাচ্ছেন তার ওপর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই নির্ভর করে। এই অবস্থায় প্রতিদিনের খাবারতালিকায় এমন কিছু সবজি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা,যা পুষ্টিতে ভরপুর।
যার মধ্যে অন্যতম মিষ্টি আলু। এদিকে আমাদের দেশে মিষ্টি আলু বা রাঙা আলু রান্নায় খুব একটা ব্যবহার হয় না। সিদ্ধ করে খাওয়ার চল বেশি।সারা বছর পাওয়া গেলেও মূলত শীতকালেই এই আলুর ব্যবহার সবচেয়ে বেশি হয়। বিশেষজ্ঞদের মতে,রাঙা আলুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট।যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।এ ছাড়া মিষ্টি আলু বা রাঙা আলুর ফাইবার, ভিটামিন এ, সি এবং পটাশিয়াম শরীরকে শক্তি জোগায়। আসলে মিষ্টি আলুতে রয়েছে দৈনিক প্রয়োজনের দ্বিগুণ পরিমাণ ভিটামিন এ এবং ৩০ শতাংশ ভিটামিন সি।এই দুই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। স্নায়ুর স্বাস্থ্য, মস্তিষ্কের বিকাশ ও ত্বকের স্বাস্থ্যের জন্য জরুরি ভিটামিন বি৬ও রয়েছে এই আলুতে।মিষ্টি আলুতে ভরপুর মাত্রায় বিটা ক্যারোটিন রয়েছে, যা শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। ত্বক-চুলের স্বাস্থ্যের জন্য উপকারী তো বটেই, দৃষ্টিশক্তি, দাঁতের স্বাস্থ্য ও প্রজনন ক্ষমতা ভালো রাখার জন্যও অত্যন্ত উপকারী এই ভিটামিন।মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা শরীরে শক্তি জোগায়।এ ছাড়া এতে রয়েছে ফাইবার, যা হজমশক্তির উন্নতি ঘটায় এবং শরীরকে শক্তি জোগায়। আলুর থেকে অনেক বেশি পরিমাণে ফাইবার রয়েছে মিষ্টি আলুতে যা হজমে সহায়ক এবং ওজন কমানোর ক্ষেত্রেও উপযোগী। অন্যদিকে মিষ্টি আলু ডায়াবেটিক রোগীদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে। এতে উপস্থিত কার্বোহাইড্রেট ধীরে ধীরে হজম হয়, যার কারণে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে। তবে ডায়াবেটিক রোগীদের মিষ্টি আলু সীমিত পরিমাণে খাওয়া উচিত।
সেইসঙ্গে মিষ্টি আলুতে কম ক্যালরি এবং বেশি ফাইবার থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং বেশি খাওয়ার ইচ্ছা কমায়। এ ছাড়া মিষ্টি আলু খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদরোগের ঝুঁকিও কমে।








