
বাশার আল-আসাদের পতনের পর অস্থির পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে সিরিয়া। পশ্চিম এশিয়ার দেশটির স্কুলগুলি পুনরায় খুলে শুরু হয়েছে পঠনপাঠন। আবারও স্কুলমুখী হতে শুরু করেছে পড়ুয়ারা।
সিরিয়ার বিভিন্ন গির্জাতেও সমবেত প্রার্থনায় যোগ দিতে দেখা গিয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের। এক দিকে যখন ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে সিরিয়ার জনজীবন, তখন অন্যদিক থেকে সিরিয়ার উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েলি সেনা। তবে ইজ়রায়েলের সঙ্গে কোনও সংঘাতের পথে এগোতে চাইছেন না বিদ্রোহীরা। এই কথা আগেই জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম-র নেতা আবু মুহাম্মদ আল-জোলানি। তাঁরা চাইছেন সিরিয়া পুনর্গঠন করতে। বস্তুত, প্রায় তেরো বছর ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ার পরিস্থিতি এখন মোটেই সুখকর নয়।
পাশাপাশি, বাশার আমলের সিরিয়ান সেনা কিছু দিন আগে পর্যন্তও বিদ্রোহীদের সঙ্গে লড়াই করেছে। এই আবহে নতুন করে কোনও বহির্রাষ্ট্রের সঙ্গে সংঘাতের পথে এগোনোর পরিস্থিতিতেও নেই সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর।
