
সিরিয়ায় এবার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হয়েছেন প্রাক্তন আল কায়দা সদস্য আবু মহম্মদ আল জোলানি। সূত্রে খবর, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর সেনাবাহিনীর মুখপাত্র হাসান আবদেল ঘানি জানিয়েছেন, তাঁরা দেশের প্রধান হিসাবে কমান্ডার আহমেদ আল শারাকে বেছে নিয়েছেন।
তিনি সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবেন। আপাতত তিনি একটি অস্থায়ী আইনসভা গঠন করবেন। যতদিন না স্থায়ী সংবিধান তৈরি হচ্ছে ততদিন এই আইনসভা দায়িত্ব পালন করবে।দেশের পুরনো সংবিধান আপাতত কার্যকর থাকছে না। সংসদও ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া প্রাক্তন সরকারের সেনাবাহিনী ও তাদের অন্যান্য সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়েছে।উল্লেখ্য, ৫০ বছর ধরে পশ্চিম এশিয়ার এই দেশটির ক্ষমতার রাশ ধরে রেখেছিল আসাদ পরিবার। ২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ। কিন্তু বিদ্রোহ হতে শুরু করে ২০১১ সালে। শুরু হয়ে যায় গৃহযুদ্ধ।
বাশার আল আসাদকে গদিচ্যুত করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বিদ্রোহীদের যৌথমঞ্চ সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস। কুর্দ বাহিনী পিপলস প্রোটেকশন ইউনিটের নেতৃত্বে আরম্ভ হয় যুদ্ধ।গত বছর ৮ ডিসেম্বর বিদ্রোহীদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন বাশার আল আসাদ।








