
সিরিয়ার রাজধানী দামাস্কাসকে স্বাধীন বলে ঘোষণা করেছে বিদ্রোহী গোষ্ঠী। রবিবার সকালেই দামাস্কাসে প্রবেশ করেছেন বিদ্রোহীরা।
দীর্ঘ দুই যুগের বেশি সময় সিরিয়ার ক্ষমতায় থাকা বাসার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। আর তাঁর পালিয়ে যাওয়ার খবরে রাজধানী দামাস্কাস-সহ সারা দেশে বিজয় উল্লাসে মেতে উঠেছে সশস্ত্র বিদ্রোহীরা। নানা স্লোগানে মেতেছেন সিরিয়ার বাসিন্দারা। হাজার হাজার মানুষ গাড়িতে এবং হেঁটে দামাস্কাসের প্রাণকেন্দ্র উমাইয়াদ স্কয়ারে জমায়েত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওতে দেখা গিয়েছে, রাজধানীর উমাইয়াদ স্কয়ারে বহু মানুষ পরিত্যক্ত সেনা ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে আছেন এবং গান গেয়ে আনন্দ উদযাপন করছেন।যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। অন্যদিকে, দামাস্কাসের বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিদ্রোহীরা জানিয়েছেন, বাসার আল-আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ, যারা জেলবন্দি ও বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন। ইতিমধ্যে দামাস্কাসের সেদনায়া কারাগার থেকে সাড়ে তিন হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে এক্স বার্তায় জানিয়েছেন বিদ্রোহী কমান্ডার হাসান আবদুল ঘানি। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সিরিয়ার একের পর এক বড় বড় শহর দখল করেছে বিদ্রোহীরা। তবে সিরিয়াকে পালাবদলের সন্ধিক্ষণের মুখোমুখি এনে দাঁড় করানো এইচটিএসের সঙ্গে দেশের সংঘাতের ইতিহাস দীর্ঘ।
২০১১ সালে আল কায়দার সরাসরি মদতে তৈরি হয়েছিল এইচটিএস। তবে সে সময় এই গোষ্ঠীর নাম ছিল নুসরা ফ্রন্ট।তবে ২০১৬ সালে এইচটিএস-এর তৎকালীন নেতা আবু মহম্মদ আল-জাওলানি প্রকাশ্যেই আল কায়দার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন। শুরু হয় এইচটিএস গোষ্ঠীর পথ চলা।








