
দিল্লির গাড়িবোমা বিস্ফোরণে এবার জড়িয়ে গেল তবলিঘি জামাতের নামও। পুলিশ সূত্রে দাবি, বিস্ফোরণের আগে যে মসজিদে ঘাতক গাড়ির চালক উমর উন-নবি গিয়েছিল, সেই মসজিদে আসলে তবলিঘি জামাতের কার্যকলাপ চলে।
সেখান থেকেই কি মগজ ধোলাই হয়েছে আল ফালহা বিশ্ববিদ্যালয়ের ওই চিকিৎসকের? উমর কি তবলিঘি জামাতের সঙ্গে সরাসরি যুক্ত? সে প্রশ্নও উঠছে।আসলে বিস্ফোরণের আগে দিল্লির রামলীলা ময়দানের কাছের ফইজ ই-ইলাহি মসজিদে গিয়েছিল উমর। তুর্কমান গেটের উলটোদিকের ওই মসজিদে প্রায় মিনিট দশেক ছিল উমর উন-নবি। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরাও পড়েছে।ঘটনাচক্রে ওই ফইজ ই-ইলাহি মসজিদই এখন দিল্লির বুকে তবলিঘি জামাতের মূল কেন্দ্রস্থল।আগে নিজামউদ্দিন মার্কাজ থেকে কার্যকলাপ চালাত তবলিঘি জামাত। কিন্তু করোনার পর মার্কাজ থেকে মূল কেন্দ্র সরিয়ে ওই ফইজ ই-ইলাহি মসজিদে নিয়ে গিয়েছেন সংগঠনের কর্তারা।
বিস্ফোরণের আগে সেই মসজিদেই উমরের যাওয়াটা কি শুধুই কাকতালীয়,নাকি উমর সরাসরি তবলিঘি আন্দোলনের সঙ্গে যুক্ত? সেটা যদি হয় তাহলে তবলিঘি জামাতকেও সন্দেহের আওতায় আনতে হয়। যদিও এ নিয়ে সরকারিভাবে পুলিশ বা প্রশাসন কিছুই বলছে না।
