
নিজের জন্য আইনজীবী নিয়োগ করতে চান না মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানা। এ ক্ষেত্রে বিশেষ এনআইএ আদালতে জমা দেওয়া হলফনামায় রানার যুক্তি, তাঁর নাম ব্যবহার করে খ্যাতি পাওয়ার চেষ্টা করতে পারেন এমন কাউকে তিনি আইনজীবী হিসাবে চাইছেন না। তবে দেশের লিগ্যাল সার্ভিসেস অ্যাক্ট অনুসারে আইনি সহায়তাকারী সংস্থার কেউ রানার হয়ে সওয়াল করবেন।
তবে সেই আইনজীবীদের এই মামলা কিংবা তাহাউর রানা’র বিষয়ে সংবাদমাধ্যমে মন্তব্য না-করার নির্দেশ দিয়েছে আদালত। তাঁর হয়ে সওয়াল করা আইনজীবীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য রানা কাগজ এবং কম ধারওয়ালা নিবের পেন রাখতে পারবেন বলে জানিয়েছে আদালত। মুম্বই হামলার মূল চক্রী ডেভিড কোলম্যান হেডলির অন্যতম সহযোগী ছিলেন কানাডার ব্যাবসায়ী।
তিনি আদতে পাকিস্তানি বংশোদ্ভূত। ৬৪ বছরের সেই তাহাউর রানা এখন জাতীয় তদন্তকারী সংস্থা-র হেফাজতে। তাঁকে জেরা করছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার রানাকে বিশেষ বিমানে আমেরিকা থেকে ভারতে উড়িয়ে আনার পর প্রথামাফিক তাঁকে গ্রেফতার করে এনআইএ। মধ্যরাতে তাঁকে হাজির করানো হয় দিল্লির পাটিয়ালা হাউসের এনআইএ বিশেষ আদালতে।
