
আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসবিরোধী অভিযানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। হামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের,টিটিপি-র প্রধান নূর ওয়ালি মেসুদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্য রাতে এ হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী।প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালির সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে সাইফুল্লাহ মেসুদকে ভবিষ্যতের সম্ভাব্য নেতা হিসেবে বিবেচনা করা হত।এদিকে,হামলার সময় নূর ওয়ালি একটি গাড়িতে করে চলাফেরা করছিলেন বলে জানিয়েছে একটি সূত্র। বিমান হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। নিহত হওয়ার খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও তিনি আহত হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাবুলের একটি সড়কে গাড়িকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।
হামলার পর কাবুলের আকাশে আরও বিমান চক্কর দিতে দেখা যায়,যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। বিস্ফোরণের শব্দও ছিল বেশ তীব্র।এর আগে, পাকিস্তানে সম্প্রতি একাধিক প্রাণঘাতী হামলার পর টিটিপির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে এই হামলা হয়।








