
আবারও বাংলায় কথা বলার অভিযোগে তামিলনাড়ু পুলিশের হাতে আটক হাসনাবাদের এক পরিযায়ী শ্রমিক, এমনটাই অভিযোগ পরিবারের।
নাগরিকত্বের সমস্ত রকম তথ্য দেওয়ার পরেও ২১ দিন আটকে রেখেছে তাদের। আর এরপরই বাড়ির মানুষকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছে শ্রমিকের পরিবার। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার টাকি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজিব শেখ তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করে। হঠাৎই ২২ জুলাই রাজিব শেখ সহ বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় তামিলনাড়ুর পেরেমবালা থানা। সেখানকার পুলিশের হেফাজতে থাকার পরেও রাজিব শেখ পরিবারের সাথে ফোনে কথা বলতে পারছিল। এরপর সেখানকার থানার পুলিশ বিভিন্ন নাগরিকত্বের প্রমাণ চাওয়ায় সমস্ত রকম নাগরিকত্বের প্রমাণ তার পরিবার পাঠিয়ে দেয়।
কিন্তু তারপরেও ২১ দিন কেটে গেছে এখনো রাজিব শেখ-কে ছাড়েনি সেখানকার পুলিশ। এমনকি এখন আর তার সাথে যোগাযোগ করতে পারছে না তার পরিবারের লোকজন। রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে তার স্ত্রী ও সন্তানরা।
