
আমেরিকার নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে ওই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন এস জয়শঙ্কর।ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকায় যাওয়া পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেছেন।এ ছাড়া আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত চার দেশীয় জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি।সংবাদ সম্মেলনে জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয়,বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না? জবাবে জয়শঙ্কর বলেছেন, হ্যাঁ, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। তবে তিনি মনে করেন না যে এ বিষয়ে বিস্তারিত বলাটা সমীচীন হবে।
সংবাদ সম্মেলনের একটি ভিডিও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করেছেন।ভিডিওতে ভারত-আমেরিকা সম্পর্কসহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দিতে শোনা গিয়েছে এস জয়শঙ্করকে।
