
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে একদিন আগে ফোনে যে কথা হয়েছে, তা আগের যেকোনও সময়ের চেয়ে ভালো ও ফলপ্রসূ হয়েছে। তিনি জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এ ক্ষেত্রে সহায়তার আশ্বাস পাওয়ায় তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, প্যাট্রিয়ট সিস্টেমই হলো ব্যালিস্টিক হামলা মোকাবিলায় ইউক্রেনের মূল প্রতিরক্ষার চাবিকাঠি।তিনি আরও জানিয়েছেন, ফোনালাপে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে, যা নিয়ে দু’ দেশের কর্মকর্তারা ভবিষ্যতের বৈঠকে বিস্তারিত কাজ করবেন।এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, জেলেনস্কির সঙ্গে তাঁর ভালো কথা হয়েছে।
অন্যদিকে তিনি আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, রাশিয়া এখনও যুদ্ধবিরতির ব্যাপারে আন্তরিক নয়।অন্যদিকে আমেরিকা ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তাদের এটা প্রয়োজন, নিজেদের প্রতিরক্ষার জন্য।






