
কলের জল মিশছে নর্দমায়, রাস্তাও ভেসে যাচ্ছে দুর্গন্ধময় কালো জলে! যারফলে আবারও হাওড়ার বেলগাছিয়ায় জলকষ্টের সম্ভাবনা প্রবল হচ্ছে। ভাগাড়ে ধসের কারণে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে নিকাশি ব্যবস্থা মেরামত করতেই সন্ধ্যাবেলায় জল সরবরাহ বন্ধ রাখা হবে বেলগাছিয়ায়। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বলেছেন, সকালে ও দুপুরে জল দেওয়া হলেও সন্ধ্যার জল কয়েক দিন পাবেন না বাসিন্দারা। ভাগাড়ে ধসের কারণে এখানে নিকাশি ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে। ফলে রাস্তায় জল জমছে। ড্রেন তৈরির কাজ শুরু হয়েছে। শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যার জল বন্ধ থাকবে। অন্যদিকে, বেলগাছিয়া ভাগাড়ের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে থাকার ব্যবস্থা করেছে প্রশাসন। কিন্তু প্রশাসনিক সূত্রে দাবি, বাসিন্দারা রাজি হচ্ছেন না।
থাকার জন্য কন্টেনারের কাজ চলছে। তা ছাড়া কয়েকটি স্কুলবাড়িতে ব্যবস্থা করা হয়েছে।









