পাঁশকুড়ায় মেলায় ট্রেলার, পিষ্ট ২, তারাতলায় ভাঙল হাইটবার

0
263
ছবি সৌজন্যে : নিজস্ব
পাঁশকুড়ার মেচগ্রামে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে হুড়মুড়িয়ে মেলায় ঢুকে পড়ল কন্টেনারবোঝাই ট্রেলার। মৃত্যু হয়েছে মেলা কমিটির সম্পাদক সহ ২ জনের।
আহত হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে মেলা চলছিল মেচগ্রামে। সেখানেই রবিবার রাতে নিয়ন্ত্রণ হরিয়ে মেলার মধ্যে ঢুকে পড়ে একটি ট্রেলার। মেলায় প্রচুর ভিড় থাকায় নিমেষে ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে যান মেলা কমিটির সম্পাদক এবং এক দোকানদার। আহত হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে কলকাতায় পাঠানো হয়েছে। বাকিদের তাম্রলিপ্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মালবোঝাই গাড়ির ধাক্কায় তারাতলা ব্রিজে ভেঙে পড়েছে হাইটবার। তারাতলা উড়ালপুলে ওঠার মুখে ডায়মণ্ডহারবারের দিক থেকে খিদিরপুরের দিকে যাওয়ার গাড়িগুলো ব্রিজে উঠতে না পারায় তীব্র যানজট তৈরি হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে তারাতলা উড়ালপুলের একাংশ। জানা গিয়েছে সোমবার ভোরে মালবোঝাই গাড়ির ধাক্কায় ভেঙে পড়ে হাইটবার। সদ্য তৈরি করা হয়েছিল হাইটবারটি। কোনও আলো লাগানো না থাকায় নতুন হাইটবার বুঝতে পারেনি পণ্যবাহী গাড়িটি। গাড়ির ধাক্কায় রাস্তাতেই ভেঙে পড়ে হাইটবারটি।
ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে। ফলে চরম দুর্যোগে পড়েছে নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়ারা।