
১৭ বছর পরে দেশে ফিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে।
বিএনপির একটি সূত্র জানাচ্ছে, পরিবারের সদস্য এবং দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের পরেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক ফোন করেন প্রধান উপদেষ্টা ইউনূসকে।এর আগে,১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ব্রিটেনে বিএনপি-র এক আলোচনাসভায় তারেক রহমান জানিয়ে দেন যে, ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরছেন। সেইমতো লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ধরেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহ জালাল বিমানবন্দরে অবতরণ করে তারেকের বিমান।বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে বিএনপি নেতা-কর্মী-সমর্থকদের ঢল নেমেছিল। বিএনপির একটি সূত্র জানাচ্ছে, খালেদা-পুত্র ফোনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।
একই সঙ্গে তাঁর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য ইউনূসকে ধন্যবাদ জানান।উল্লেখ্য ১৭ জুন লন্ডন সফরে গিয়ে তারেকের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা ইউনূস। সূত্রের খবর, সেখানেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে।





