
দিল্লিতে তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও কেন বিমানবন্দর থেকে ফিরে গিয়েছিলেন, এ বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি জানিয়েছেন, প্রতিবাদ করতেই তিনি দিল্লি বিমানবন্দর ছেড়ে চলে এসেছিলেন। তাঁর দাবি, তিনি নিজের দেশ এবং অন্য দেশকে একটি বার্তা দিতে চেয়েছিলেন। তবে এর পরে ভারতের থেকে যথাযথ আমন্ত্রণ পেলে তিনি অবশ্যই আসবেন বলে জানিয়েছেন জাহেদ। অভিযোগ, রবিবার দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে ছিলেন জাহেদ। তার পরে শহরে প্রবেশের প্রয়োজনীয় অনুমতি মেলে। তবে জাহেদ দিল্লিতে আর প্রবেশ করতে চাননি বলে খবর। তিনি ঢাকা ফিরে যান। মঙ্গলবার ঢাকায় সাংবাদিক বৈঠকে জাহেদ বলেছেন, তিনি ভারতে ব্যক্তি হিসাবে যাননি। বাংলাদেশের সরকার এবং দেশের এক জন প্রতিনিধি হিসাবে গিয়ে ছিলেন। সেখানে তাঁর সঙ্গে যা হয়েছে, তাঁর মনে হল একটা ইনস্ট্যান্ট প্রতিবাদ হওয়া দরকার।
সেই কারণে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। জাহেদ এ-ও জানিয়েছেন, তাঁকে পরে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে তিনি আর যাননি। তিনি বলেছেন, একটা পর্যায়ে ভারত খুব চেষ্টা করেছে, তিনি যেন প্রবেশ করেন এবং কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কিন্তু তিনি সেটা করেন নি। ভবিষ্যতে ভারত থেকে আমন্ত্রণ পেলে যাবেন বলেও জানিয়েছেন জাহেদ। তাঁর কথায়, খুব স্পষ্ট করে দিচ্ছেন, যদি যথাযথ আমন্ত্রণ পান, নিশ্চয়ই যাবেন। তিনি আরও বলেছেন, ভারতের সঙ্গে আদানপ্রদান করতে চান, আইনগত এবং যুক্তিসঙ্গত ভাবে।








