
বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ের পথে হাঁটতেই দলের সভাপতি তারেক রহমানকে শুভেচ্ছো জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে তিনি শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, এই জয় বুঝিয়ে দিল বাংলাদেশবাসী আপনার নেতৃত্বে আস্থা রাখেন। তারেকের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়েও বার্তা দিয়েছেন মোদি। গণতান্ত্রিক, উন্নয়নশীল বাংলাদেশের পাশে আছে ভারত – তা জানিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, ভারত-বাংলাদেশের মধ্যে বহুবিধ সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থরক্ষার তাগিদে সেসব আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশা করেন তিনি। শুক্রবার সকাল থেকেই ফলাফল মোটামুটি স্পষ্ট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামাত প্রধান বিরোধী আসনেই। বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত , ২০২৪ সালে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকেই আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন বলেই খবর ।
গণহত্যা মামলায় তাঁকে ফাঁসির সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ দমন আদালত। বারবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁকে প্রত্যর্পণের দাবি জানালেও এ বিষয়ে এখন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি নয়া দিল্লি। নির্বাচনে বিএনপি-র জয়ের আভাস পেয়েই মোদির শুভেচ্ছাবার্তা রাজনৈতিক সৌজন্যতা বিনিময় একটি কৌশলী পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
