
দেশের টানে, মানুষের টানে, দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাঁর এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করতে যাচ্ছে।
এক–এগারোর নির্যাতন ও যন্ত্রণা সহ্য করেও তিনি দেশপ্রেম থেকে একচুলও নড়েননি। দেশপ্রেমের কঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ঢাকামুখী জনস্রোত, সারা দেশের সব শ্রেণি, পেশা ও বয়সের মানুষের ভালোবাসা ও আবেগই তার প্রমাণ। দীর্ঘ প্রবাসজীবনের ইতি টেনে আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের কাছে দিনটি একটি ঐতিহাসিক মুহূর্ত। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মাহেন্দ্রক্ষণের।
২০০৭ সালের জানুয়ারিতে সেনাসমর্থিত সরকার দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে গ্রেফতার করে। ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এর এক সপ্তাহ পর, ১১ সেপ্টেম্বর, চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। সেই সময় থেকেই লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। দীর্ঘ প্রায় ১৭ বছর তিন মাস পর তিনি দেশে ফিরছেন।
