
আর জি কর-কাণ্ডের জেরে প্রাক্তন অধক্ষ্য সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। বুধবার সন্দীপ ঘোষের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, আর জি করের ঘটনার পর স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে আইএমএ। সংগঠনের জাতীয় প্রেসিডেন্ট আরভি অশোকান একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সদস্যেরা নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। নির্যাতিতার পরিবার সন্দীপ ঘোষের উপর ক্ষোভ উগরে দেন চিকিৎসক সংগঠনের কাছে। অভিযোগ, এই ঘটনায় সন্দীপ ঘোষের ভূমিকা মোটেই আশানুরূপ নয়। যে ভাবে তিনি গোটা বিষয়টি সামলানোর চেষ্টা করেছেন, তাতে সহানুভূতির অভাব ছিল। এই প্রসঙ্গে আইএমএ-র পশ্চিমবঙ্গ শাখার আধিকারিকদের সঙ্গেও কথা বলেছিল ওই কমিটি। সেখান থেকেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আসে। সন্দীপ ঘোষ আইএমএ-র কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। নির্দেশিকায় আইএমএ আরও জানিয়েছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে সংগঠনের অনেক চিকিৎসকই ক্ষুব্ধ। অভিযোগ, তিনি এই পেশাকে কলঙ্কিত করেছেন। অনেকেই তাঁর শাস্তির দাবি জানিয়েছেন।
