
রাস্তায় যেখানে সেখানে ময়লা আবর্জনা, থুতু পানের পিক ফেললে পয়লা সেপ্টেম্বর থেকে গুণতে হবে জরিমানা। ঘোষণা করেছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
পাশাপাশি বর্ষার আগে নিকাশি ব্যবস্থা জোরদার করতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উত্তরকন্যায় নিজের দফতরে আধিকারিকদের সঙ্গে বৈঠকে ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল। পাশাপাশি পার্কিং জোন ছাড়া অন্যত্র পার্কিং করলে জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে ভোটের জন্য যে সব হোর্ডিং, ব্যানার লাগানো হয়েছে সেগুলো অবিলম্বে খুলে ফেলার নির্দেশ দিয়েছেন।
সব বেআইনি হোর্ডিং সরিয়ে ডিজিটাল হোর্ডিং লাগানো হবে। বাসস্ট্যান্ডগুলো ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করবে দফতর। একইসঙ্গে রাজ্যে নারীপাচার রুখতে টাস্ক ফোর্স তৈরির কথা ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সীমান্তবর্তী এলাকায় সচেতনমূলক প্রচার চালানোর জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন।
