বিয়ের পর প্রকাশ্যে টেইলর সুইফট

0
164
ছবি সৌজন্যে : এক্স

বিশ্বসংগীতের জনপ্রিয় পপতারকা টেইলর সুইফট এবং আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের, এনএফএল তারকা খেলোয়াড় ট্রাভিস কেলসির রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার ইন্টারনেটে ঝড় তুলেছে এই নবদম্পতির প্রথম প্রকাশ্য উপস্থিতি।

উল্লেখ্য, ৩ জুলাই নিউইয়র্ক সিটির বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অত্যন্ত গোপনে বিয়ে সারেন এই তারকাযুগল। বিয়ের পর থেকে অনুরাগীরা তাদের আনুষ্ঠানিক ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলেও, সম্প্রতি ক্যালিফোর্নিয়ার এক বিয়েবাড়িতে এই নতুন দম্পতির ফ্রেমবন্দি কিছু আনন্দঘন মুহূর্ত হু হু করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রিপোর্ট অনুযায়ী, ট্রাভিস কেলসির প্রাক্তন সতীর্থ জুজু স্মিথ-শুস্টার এবং লরা ক্রুকের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির দ্য রিটজ-কার্লটন হোটেলে হাজির হয়েছিলেন টেইলর ও ট্রাভিস। সেখানে তাদের হাসিখুশি ও প্রাণবন্ত উপস্থিতির বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দুজনকে একে অপরের সঙ্গে দারুণ সময় কাটাতে দেখা গেছে। ক্যালিফোর্নিয়ার এই অনুষ্ঠানে আসার আগে কেলসির ভাই জেসন কেলসি এবং তার স্ত্রীর সঙ্গে মন্টানায় একান্ত কিছু সময় কাটিয়েছেন এই নবদম্পতি। উল্লেখ্য,দু’ বছরের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে গত সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসেন ৩৬ বছর বয়সী এই দুই তারকা। আমেরিকার স্বাধীনতা দিবসের আগের দিন প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে বসেছিল তাদের বিয়ের আসর। প্রচলিত রীতির বাইরে গিয়ে এই রাজকীয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাদের ঘনিষ্ঠ বন্ধু তথা জনপ্রিয় হলিউড অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। বিয়েতে কনের ভাই অস্টিন সুইফট ‘ম্যান অব অনার’ এবং বরের ভাই জেসন কেলসি, বেস্ট ম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশেষ এই দিনটিতে টেইলর ও ট্রাভিসের পোশাকের দায়িত্বে ছিল বিশ্বখ্যাত ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওর হউত কুচুর। জুতোজোড়া বিশেষভাবে তৈরি করেছিল ক্রিশ্চিয়ান লুবোটিন এবং কনের গহনার দায়িত্বে ছিল নামী ব্র্যান্ড,কারটিয়ের। স্টেডিয়ামের ভেতরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই বাইরের বিশাল ডিজিটাল স্ক্রিনে জাস্ট ম্যারিড লেখা ভেসে ওঠে, যা দেখার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন সুইফটের কোটি ফ্যান। বিনোদন ও খেলার মাঠের দু’ সুপারস্টারের এমন রূপকথার মতো বিয়ে এবং পরবর্তী ভাইরাল ছবিগুলো নিয়ে এখন বিশ্বজুড়ে চর্চা তুঙ্গে।