
গানের পাশাপাশি মানবিক উদ্যোগের জন্যও বিশ্বজুড়ে প্রশংসিত পপ তারকা টেইলর সুইফট। হাসপাতাল, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ফ্যানদের ব্যক্তিগত বিপদ,প্রায় সব ক্ষেত্রেই তাঁকে পাশে দাঁড়াতে দেখা গেছে।
এবার আবারও সেই মানবিকতার নজির রাখলেন সুইফট।আমেরিকাজুড়ে ক্ষুধার বিরুদ্ধে কাজ করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকা-কে ১০ লাখ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।ফিডিং আমেরিকার এক ইনস্টাগ্রাম পোস্টে এই তথ্য জানানো হয়েছে।ছুটির সিজনকে সামনে রেখে এই বড় অঙ্কের অনুদানকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংস্থাটির পক্ষ থেকে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তাও প্রকাশ করা হয়েছে। ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী ক্লেয়ার বাবিনো ফন্তেনো লিখেছেন, টেইলর সুইফটের এই উদার অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।তাঁর অব্যাহত সমর্থন আমাদের মনে করিয়ে দেয়—ক্ষুধা দূর করতে একসঙ্গে কাজ করলে কতটা পরিবর্তন আনা সম্ভব। এই ছুটির সিজনে এবং তার পরেও যেন প্রতিটি পরিবারের টেবিলে খাবার থাকে, সেটাই আমাদের লক্ষ্য।এদিকে,ফিডিং আমেরিকার সঙ্গে সুইফটের সম্পর্ক নতুন নয়। চলতি বছরের অক্টোবরে হারিকেন হেলেন ও মিল্টনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তায় তিনি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন।এর আগে ২০২৩ সালে টেনেসিতে ঝড়ের পর দুর্যোগ মোকাবিলায় দেন আরও ১০ লাখ ডলার। পাশাপাশি, কানসাস সিটি চিফসের সুপার বোল প্যারেডে নিহত এক মহিলার পরিবারের জন্যও আর্থিক সহায়তা করেছিলেন তিনি।
অন্যদিকে দাতব্য কার্যক্রমের আলোচনার মধ্যেই সম্প্রতি মুক্তি পেয়েছে টেইলর সুইফটের তথ্যচিত্র ,দ্য এন্ড অব অ্যান এরা-র শেষ দুটি পর্ব। তাঁর বহুল আলোচিত দ্য ইরাস ট্যুর নিয়ে নির্মিত এই তথ্যচিত্রটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে।
