বোনাস : পাহাড়ে চা শ্রমিকদের ১২ ঘণ্টা ধর্মঘট 

0
783
পুজোয় বোনাস নিয়ে মালিক ও চা শ্রমিকদের অসন্তোষে ১২ ঘণ্টা ধর্মঘটের জেরে সোমবার সকাল থেকে কার্যত স্তব্ধ দার্জিলিং সহ সংলগ্ন পাহাড়ি এলাকা।
চা বাগানগুলি তো বটেই, শৈল শহরের জনবহুল স্থানও কার্যত শুনশান। চা শ্রমিকদের দাবিকে সমর্থন জানিয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা গণতান্ত্রিক মোর্চা। সোমবার সকাল থেকে দার্জিলিঙের সমস্ত চা বাগানের গেটে ঝুলছে তালা। দার্জিলিংয়ের জনবহুল ম্যাল একেবারে ফাঁকা। এদিকে, গরুবাথানের সাপ্তাহিক হাটও বসেনি। যার জেরে বড়সড় ক্ষতির আশঙ্কা থাকছে। চা শ্রমিকদের এই ধর্মঘটের জেরে সমস্যায় পড়েছেন পর্যটকরা। বেড়াতে গিয়ে আটকে পড়েছেন। পাহাড়ে থেকে সমতলে কোনও গাড়ি ওঠানামা করছে না। কোনও কোনও জায়গায় রাস্তা অবরোধ করছেন শ্রমিকরা। তবে পাহাড়ে ধর্মঘট হলেও কালিম্পংয়ে এতটা প্রভাব পড়েনি। বেলার দিকে এখানকার দোকানপাট খুলতে শুরু করে। স্কুল, কলেজও স্বাভাবিক। শ্রমিকদের দাবি, ২০ শতাংশ হারে দিতে হবে পুজোর বোনাস। আর মালিকপক্ষের সিদ্ধান্ত, ২০ নয়, ১৩ শতাংশ বোনাস দেওয়া হবে। এনিয়ে আগেও একাধিকবার আলোচনা হয়েছে উভয়পক্ষের। দু’জনেই নিজ নিজ দাবিতে অনড়।