
রাঁধুনির সঙ্গে শিক্ষিকার মারামারিতে তুলকালাম হাওড়ার জগৎবল্লভপুরের প্রাইমারি স্কুল। রাঁধুনির হাতে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষিকার বিরুদ্ধে।
পরে স্কুলে তালা ঝলিয়ে পালিয়ে গিয়েছেন ভারপ্রাপ্ত শিক্ষিকা। রাঁধুনির অভিযোগ মিড ডে মিলের রান্নার জন্য জ্বালানি যোগান দিচ্ছিলেন না শিক্ষিকা। গাছের পাতা, কাঠ দিয়ে প্রায়ই রান্না করতে বলতেন শিক্ষিকা মিতালি সিনহা। সোমবার তাই নিয়ে বচসা বাধে। অভিযোগ এরপরেই উনুন ফেলে দেন মিতালি সিনহা। ছবি তুলে সেন্টারে পাঠানোর জন্য রাঁধুনি মোবাইল বার করতেই প্রধান শিক্ষিকা অন্তঃসত্ত্বা ওই রাঁধুনিকে মারধর করেন বলে অভিযোগ। এমনকি হাতে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষিকা মিতালি সিনহার বিরুদ্ধে। এরপরেই স্কুলে তালা দিয়ে পালিয়ে যান প্রধান শিক্ষিকা।
বিষয়টি সামনে আসতেই অভিভাবকরা স্কুলে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জগৎবল্লভপুর থানার পুলিশ।
