
উচ্চ মাধ্যমিকের ডিউটি সেরে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ইংরেজি শিক্ষিকার। মৃত্যু হয়েছে তাঁর গাড়ি চালকেরও। পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির বনপুরার ঘটনায় শোরগোল পড়েছে।
জানা গিয়েছে মেদিনীপুর থেকে কেশপুর রাজ্য সড়কে একটি ট্রাক ইংরেজি শিক্ষিকা রূপা প্রামাণিকের গাড়িতে ধাক্কা মারে। তিনি কেশপুর গার্লস হাইস্কুলের শিক্ষিকা। মুন্ডুলিকা হাইস্কুলের উচ্চমাধ্যমিকের পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার পরীক্ষা শেষে গাড়ি করে বাড়ি ফিরছিলেন রূপা প্রামাণিক। ওই গাড়িতে ছিলেন তাঁর সহকর্মী অংকের শিক্ষিকা কঙ্কনা সাঁতরাও। মেদিনীপুরের মুণ্ডুলিকা এলাকায় তাদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। গুরুতর আহত অবস্থায় রূপা প্রামাণিক, কঙ্কনা সাঁতরা এবং গাড়ি চালক শেখ আবু আসেরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় রূপা প্রামাণিক এবং তাঁর গাড়ির চালক শেখ আবু আসেরের। ঘাতক লরিকে আটক করা হলেও পালিয়ে গিয়েছে চালক এবং খালাসি।
এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে শোরগোল পড়েছে মালদায়। পরিবারের দাবি সোমবার গভীর রাতপর্যন্ত পড়াশোনা করেছে রিয়া। মঙ্গলবার এডুকেশন পরীক্ষা ছিল। কিন্তু তার আগে ভোরে বাড়ির বারান্দায় তাঁর দেহ উদ্ধার হয়। মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন।
