
চাকরি ফেরতের দাবিতে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশন তিনদিনে পড়েছে। রবিবার অনশন মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বলরাম বিশ্বাস নামে এক শিক্ষককে তড়িঘড়ি আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যোগ্যদের তালিকা প্রকাশ সহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিকাশভবনের উল্টো দিকে শিক্ষকদের জন্য তৈরি অনশনমঞ্চে আমরণ অনশনে বসেছেন ১০ জন চাকরিহারা যোগ শিক্ষকরা। তাঁদের মধ্যে একজন বলরাম বিশ্বাস। শনিবার রাতে মেডিক্যাল সাভিস সেন্টারের চিকিৎসকরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে গিয়েছেন। পাশাপাশি অনশন প্রত্যাহার করার অনুরোধ করেছেন। যদিও নিজেদের দাবিতে অনড় রয়েছেন শিক্ষকরা। তাঁদের বক্তব্য এভাবে নিজেদের চাকরি কেড়ে নিতে দেবেন না। অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। রাজ্য সরকার যতক্ষণ না স্কুলে ফেরানোর ব্যবস্থা করছে ততক্ষণ আমরণ অনশন চালিয়ে যাবে।
নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬-র পুরো প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট। এরপর মে মাসের শুরুর থেকে বিকাশভবনের সামনে অবস্থান শুরু করেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা।








