
সৃজিত মুখোপাধ্যায়ের ম্যাগনাম অপাস প্রজেক্ট। একে, টলিউডের ডাকসাইটে কাস্টিং,উপরন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনকাহিনি তিন সময়কালের প্রেক্ষাপটে পরিবেশন, নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ।
তবে পরিচালক তাঁর স্বপ্নের সিনেমা তৈরির ক্ষেত্রে কোনওরকম খামতি রাখছেন না। মহাপ্রভুর নীলাচলের সময়কাল ফুটিয়ে তুলতে গোটা টিম নিয়ে, সৃজিত পৌঁছে গিয়েছেন পুরীতে। রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিশু সেনগুপ্ত, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, সুস্মিতা চট্টোপাধ্যায়রা। শুটের অবসরে সময় বের করে মন্দিরে জগন্নাথ দর্শনও সেরে এসেছেন সকলে। আষাঢ়ের অন্তিমে জগন্নাথভূমে স্বাভাবিকভাবেই ভিড় জমেছিল। তবে জনঅরণ্যে মিশে গিয়েই তারকারা প্রভুর দর্শন করেছেন। কলাপাতায় পাত পেড়ে মহাভোগও খেয়েছেন। জানা গিয়েছে, ওড়িশার চিলকা হ্রদে শুট হওয়ার কথা ছিল। তবে শিডিউল পরিবর্তন হওয়ায় মন্দিরে হাজির হয়েছেন একে একে সকলেই। শিবভক্ত হওয়ায় সুস্মিতা মন্দিরে প্রবেশ করেই সকলকে নিয়ে চলে গিয়েছেন শিবমন্দিরে। সেখানে জল ঢেলে আরাধনা,প্রভু জগন্নাথ দেবের অপার মহিমার কথা শুনে দর্শন সারলেন ইশা, ইন্দ্রনীলরাও। আশীর্বাদী হিসেবে জগন্নাথদেবের মন্দিরের ধ্বজা গলায় পরে নিয়েছেন শুভশ্রী, ইশা, ইন্দ্রনীল, ইন্দ্রদীপ, সুস্মিতারা। রকমারি মিষ্টান্নে উদরপূর্তি করে কলকাতায় ভোগ নিয়ে ফেরার পরিকল্পনাও হয়েছে তাঁদের। উল্লেখ্য নিমাইয়ের ভূমিকায় দিব্যজ্যোতি দত্ত, নিত্যানন্দের চরিত্রে যিশু সেনগুপ্ত আর বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে দর্শকদের মধ্যে বিশেষ কৌতূহল রয়েছে।অন্যদিকে এই সিনেমার চিত্রনাট্য সাজানো তিন সময়কাল নিয়ে। প্রথমটি, শ্রীচৈতন্যদেবের সময়কাল, দ্বিতীয়টিতে থাকছে বাংলা নাট্যসম্রাজ্ঞী নটী বিনোদিনীর চৈতন্যযাপনের কাহিনি। আর তৃতীয়টি বর্তমান সময়কালের প্রেক্ষাপটে। প্রথম পর্বে চৈতন্য লুকে দেখা যাবে টেলিপর্দার মুখ দিব্যজ্যোতি দত্তকে। নটী বিনোদিনীর ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় নাট্যমঞ্চে মহাপ্রভুর অবতারে ধরা দেবেন। আর বর্তমানকালের প্রেক্ষাপটে এক সুপারস্টারের চরিত্রে ইন্দ্রনীল অভিনয় করবেন চৈতন্যদেবের ভূমিকায়। এককথায়, তিন সময়কালের প্রেক্ষাপটে সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে চৈতন্য লুকে ধরা দেবেন তিন অভিনেতা- দিব্যজ্যোতি, শুভশ্রী এবং ইন্দ্রনীল।
অন্যদিকে ইন্দ্রনীল সেনগুপ্তের স্ত্রীয়ের চরিত্রে এর আগে পার্ণো মিত্রর অভিনয় করার কথা ছিল। তবে, সেই চরিত্রে অভিনয় করবেন সুস্মিতা চট্টোপাধ্যায়। ইশা থাকছেন পরিচালকের ভূমিকায়।








