
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ক্লাস টেনের ছাত্রীর গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মালদার সাহাপুরে।
জানা গিয়েছে টিউশন থেকে বাড়ি ফেরার পথে সুরজিৎ মণ্ডল নামে এক যুবক ক্লাস টেনের ছাত্রীর ওপর হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিতার বাবার অভিযোগ দীর্ঘদিন ধরেই স্কুল, টিউশন পড়তে যাওয়ার পথে ওই যুবক কটূক্তি, অশালীন মন্তব্য করত। বিষয়টি বাড়িতে জানানোর পরে ছেলেটিকে সতর্ক করা হয়েছিল। তাতেই রেগে গিয়ে এমন কাজ করেছে বলে সন্দেহ। জানা গিয়েছে মঙ্গলবার রাতে টিউশন থেকে ফেরার সময় ফাঁকা রাস্তায় একা পেয়ে ছুরি দিয়ে গলায় কোপায় ওই যুবক।
রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গিয়ে চিৎকার করতেই স্থানীয়রা চলে এলে পালিয়ে যায় ওই যুবক। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুরজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
