
সাড়ে চার বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে। মালদার চাঁচল থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, শুক্রবার সকালে পাড়ার রাস্তায় খেলায় মত্ত ছিল ওই একরত্তি। তাকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী এক কিশোর। পরে ওই শিশু রক্তাক্ত অবস্থায় কান্না শুরু করলে প্রতিবেশীদের পাশাপাশি বাবা মাও ছুটে যান। বিষয়টি অভিযুক্ত কিশোরের বাবা-মাকে বলতে গেলে নির্যাতিত শিশুটির পরিবারের কথা গুরুত্ব দেয়নি তাঁরা। এমনকি থানায় অভিযোগ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে রক্ত ক্ষরণের ফলে অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।
অবস্থা অবনতি হওয়ায় রাতে মালদা মেডিক্যালে রেফার করা হয়। এদিকে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।




