
সমৃদ্ধ ইউরেনিয়াম যা রয়েছে, সবটাই আমেরিকার হাতে তুলে দেবে ইরান,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের দাবি মানতে নারাজ তেহরান।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহম্মদ বাকের কালিবাফের এক ঘনিষ্ঠ সূত্রকে উল্লেখ করে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি, কোনও ধরনের পারমাণবিক উপাদান আমেরিকার হাতে দেওয়া হবে, এ ধরনের কোনও আলোচনাই হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং,প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে উপহাস করেছে। তাদের দাবি, অলীক স্বপ্ন দেখছেন মার্কিন প্রেসিডেন্ট।ইরানের পরমাণু কর্মসূচি এবং অস্ত্র নিয়ে প্রথম থেকেই আপত্তি প্রেসিডেন্ট ট্রাম্পের। দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তিনি চান ইরানের সঙ্গে একটা পরমাণু চুক্তি করতে। কিন্তু নানা কারণে সেই চুক্তি বাস্তবায়িত হয়নি। তার মধ্যেই ইরানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আমেরিকা। তবে বর্তমানে দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি চলছে। একই সঙ্গে দু’দেশই আলোচনায় বসেছে। সমাধান খুঁজতে সম্প্রতি ইসলামাবাদে হওয়া শান্তিবৈঠকে কোনও রফাসূত্র না-মিললেও দ্বিতীয় বার আলোচনায় বসার প্রস্তুতি চলছে। তার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প বার বার দাবি করছেন, আমেরিকার সঙ্গে একটা চুক্তি করতে খুব আগ্রহী ইরান। এবং খুব শীঘ্রই সেই চুক্তি চূড়ান্ত হবে।প্রেসিডেন্ট ট্রাম্প এ-ও দাবি করেছেন, আমেরিকার প্রায় সব শর্তই মেনে নিতে রাজি হয়েছে ইরান।
তার মধ্যে অন্যতম ইরানের কাছে মজুত থাকা ইউরেনিয়াম।প্রেসিডেন্ট ট্রাম্প বার বার দাবি করে এসেছেন,শান্তি ফেরাতে হলে ইরানকে পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। কিন্তু ইরান এখনও পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে রাজি নয়।





