
জাতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকার নিবিড় সংশোধন ইস্যুতে অসন্তোষের জেরে একযোগে ভোট বয়কট করতে পারে বিহারের গোটা বিরোধী শিবির। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, ওই ইঙ্গিত শুধু হুমকি দেওয়ার জন্য নয়। সত্যি সত্যিই বয়কটের ভাবনা রয়েছে বিরোধী শিবিরের।
তিনি জানিয়েছেন, বিরোধী দলগুলো মানুষের সঙ্গে কথা বলবে। জোটসঙ্গীদের সঙ্গে কথা বলবে। তারা যদি চায়, তাহলে ভোট বয়কট করার কথা ভাবা হতে পারে। তেজস্বী বলছেন, এমন একপেশেভাবে পক্ষপাতদুষ্ট নির্বাচনের কোনও অর্থ হয় না। বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী- সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন।
কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, এর ফলে ভোটের তালিকা থেকে বাদ পড়তে চলেছে অন্তত ৫৬ লক্ষ নাম। হিসাব বলছে গড়ে প্রতিটি বিধানসভায় ২৩ হাজারের কাছাকাছি ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন। কোথাও বেশি, কোথাও কম। কিন্তু ২৩ হাজারের এই গড় ধরলেও ভোটের ফলাফলের উপর বিরাট প্রভাব পড়তে পারে।







