
রাজনৈতিক প্রতিহিংসার শিকার, জীবনের শেষদিন পর্যন্ত লড়বেন। আইআরসিটিসি মামলায় চার্জ গঠন হতেই গর্জে উঠেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
সোমবার আইআরসিটিসি মামলায় লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করেছে দিল্লির বাউস অ্যাভেনিউ আদালত। লালুর পাশাপাশি চার্জ গঠন করা হয়েছে তাঁর পুত্র তেজস্বী যাদব এবং স্ত্রী রাবড়ি দেবীর বিরুদ্ধেও। বিষয়টি নিয়ে সরাসরি বিজেপিকে তোপ দেগেছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী। তিনি আরও বলেছেন, আদালতের রায়কে তাঁরা সম্মান করেন। এরপরই তাঁর বাবা প্রাক্তন রেলমন্ত্রী লালপ্রসাদ যাদবের প্রশংসা করে তিনি বলেছেন, লালুপ্রসাদ যাদব সবচেয়ে জনপ্রিয় রেলমন্ত্রী ছিলেন। তিনি বেলকে ৯০ হাজার কোটি টাকা মুনাফা এনে দিয়েছিলেন। প্রতিটি বাজেটে তিনি রেলের ভাড়াও কমিয়েছিলেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওই সময়কালে আইআরসিটিসি-র হোটেলগুলির রক্ষণাবেক্ষণের জন্য যে চুক্তি বরাদ্দ করা হয়েছিল, সেখানেই দুর্নীতি করেছেন তৎকালীন রেলমন্ত্রী।








