
দিনভর নাটকের পর সুপারস্টার অল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট।পুষ্পা ২-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুতে ঘটনায় ৫০ হাজার টাকার বন্ডে অভিনেতার জামিন মঞ্জুর করেছে আদালত।
এর আগে হায়দরাবাদের নিম্ন আদালত অল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল।এরমধ্যেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তাঁর আবেদন মঞ্জুর হয়েছে।তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি জি শ্রীদেবীর বেঞ্চে অল্লু অর্জুনের মামলাটি শোনা হয়েছে। আদালতে পুলিশের বিরুদ্ধে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার অভিযোগ করেছেন অল্লু অর্জুন। পুলিশ জানিয়েছে, অভিনেতার সমস্ত অনুরোধকে তারা সম্মান করেছে। কিন্তু অভিনেতা পাল্টা বলেছেন, পুলিশ তাঁর অনুরোধকে সম্মান করেনি। তিনি পুলিশকে বলেছিলেন, পোশাক পরিবর্তন করতে চান। তার জন্য তাঁর সঙ্গে এক জনকে পাঠাতেও বলেছিলেন। পুলিশ তাঁকে নিয়ে এসেছে, এটা ভুল নয়। কিন্তু তাঁর বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি। এটা ঠিক নয়। এরপর বিচারপতি পর্যবেক্ষণে জানিয়েছেন, নিহতের পরিবারের প্রতি আদালতের সমবেদনা রয়েছে। কিন্তু অভিযুক্তকে এর ফলে কী ভাবে দোষী বলা যায়। যে যে ধারায় মামলা করা হয়েছে, সেগুলি প্রযোজ্য হচ্ছে না। অভিনেতা বলে তাঁর ব্যক্তি অধিকারে হস্তক্ষেপ করা যায় না। নাগরিক হিসাবে তাঁরও স্বাধীনতা ভোগের অধিকার রয়েছে।ঘটনার সূত্রপাত ৪ নভেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে অল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা ২-এর প্রিমিয়াতে। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই মহিলার সন্তান।সেই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ।সেই সূত্র ধরেই অল্লু অর্জুনকে শুক্রবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।অল্লু অর্জুনকে গ্রেফতারের পর মেডিক্যাল চেক আপের জন্য ওস্মানিয়া হাসপাতালে নিয়ে যায় চিক্কাদপল্লী পুলিশ। এরপরেই তাঁকে গ্রেফতার করে নিম্ন আদালতে হাজির করায় পুলিশ।
অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট।
