
পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর ভোটগ্রহণের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছে কংগ্রেস।
লোকসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল। তাঁর অভিযোগ, জাতির উদ্দেশে ভাষণে যেভাবে দলীয় রাজনীতির কথা বলেছেন, সেটা প্রধানমন্ত্রীর পদের গরিমা ক্ষুন্ন করছে।উল্লেখ্য ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশে ভাষণ ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশের পাঁচ রাজ্যে নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে প্রধানমন্ত্রী যেভাবে বিরোধীদের সমালোচনা করেছেন, সেটা গণতান্ত্রিক রীতিনীতির সরাসরি অবমাননা বলেই দাবি কংগ্রেসের। ইতিমধ্যেই ৭০০-র বেশি বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনে মোদির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
তাঁদের দাবি, মোদি নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। অভিযোগকারীদের বক্তব্য, নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর থাকা অবস্থায় প্রধানমন্ত্রী সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও ব্যবহার করে কার্যত রাজনৈতিক প্রচার চালিয়েছেন। এতে শাসকদলের জন্য অযৌক্তিক সুবিধা তৈরি হয়েছে এবং এতে নির্বাচনের সমতা ও স্বচ্ছতা মারাত্মকভাবে প্রশ্নের মুখে পড়েছে।
