
চৈত্রের শেষলগ্নে গরম বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত গরম আরও বাড়বে। বৃষ্টির স্বস্তির তেমন সম্ভাবনা নেই।
মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এ ছাড়া, দক্ষিণের সব জেলাতেই গরম বাড়বে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তিও বজায় থাকবে। আপাতত স্বস্তির কোনও পূর্বাভাস নেই। তবে পশ্চিমের এই জেলাগুলিতে গরমের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিও হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। তবে দু’এক পশলা বৃষ্টিতে গরম কমবে না। বরং আরও বেড়ে যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।
তাপমাত্রা আগামী তিন দিনে আরও তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে উত্তরের সর্বত্র। তার পরের চার দিনে তাপমাত্রা একই রকম থাকবে।





