পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

0
128
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ঝড় বৃষ্টির দিন আপাতত শেষ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবার গরম বাড়বে। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে চার থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবারও তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের চার দিনে তাপমাত্রা এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি বেড়ে যেতে পারে। ফলে একাধিক জেলায় গরমে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি চলবে। সারা সপ্তাহ ধরেই উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার পর্যন্ত।

দাজিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।