
জাঁকিয়ে শীত পড়েছে রাজ্য জুড়ে। ধারাবাহিক ভাবে পারদ নামছে। তবে তার মাঝেই রবিবার ছন্দপতন। এক ধাক্কায় প্রায় দুই থেকে তিন ডিগ্রি বেড়ে গেল কলকাতার তাপমাত্রা।
রবিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা আগেই ছিল পূর্বাভাস। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ চড়েছে। তাপমাত্রা পৌঁছে গিয়েছে স্বাভাবিকের চেয়েও উপরে। তবে আপাতত হাড়কাঁপানো ঠান্ডা থেকে মুক্তি পেলেও আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখনই শীতের হাত থেকে নিস্তার নেই। মকর সংক্রান্তিতে বুধবার ফের কমবে তাপমাত্রা। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম। অন্যদিকে, শনিবারের মতো রবিবারও দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
আগামী অন্তত তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি নীচে থাকতে পারে। উত্তরবঙ্গেও আগামী সাত দিন রাতের তাপমাত্রায় বদল হবে না। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি নীচে।








