কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে উত্তেজনা, চলল গুলি

0
201
ছবি সৌজন্যে : এক্স
থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকায় দুই দেশের সেনার মধ্যে ফের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে। থাই সেনাবাহিনী এবং কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা সরকারি বিবৃতি অনুযায়ী, প্রাসাত তা মুয়েন থম মন্দিরের কাছে সংঘর্ষ বাধে। প্রাসাত তা মুয়েন থম মন্দির ও তার সংলগ্ন অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে দুই দেশের বিবাদ।
থাইল্যান্ডের উত্তর-পূর্বে সুরিন প্রদেশে অবস্থিত এই মন্দির। এর মালিকানা দাবি করে কম্বোডিয়া। আর এ নিয়েই পুরোনো বিবাদ দুই দেশের। তবে এই সপ্তাহের শুরুতে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় পাঁচজন থাই সৈন্য আহত হওয়ার পর প্রতিশোধ নিতে থাইল্যান্ড কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং বেশ কয়েকটি সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নেয়। এর পরেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সাংঘাতিক অবনতি হয়। বৃহস্পতিবার সকালে দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে গোলাগুলি ছোড়ে।
কম্বোডিয়া ও থাইল্যান্ড দুই দেশের বিদেশ মন্ত্রক একে অন্যের বিরুদ্ধে প্রথম হামলা চালানোর অভিযোগ তুলেছে। কম্বোডিয়ার অভিযোগ, থাই সৈন্যরাই প্রথম গুলি চালায়। অন্যদিকে থাই সেনাবাহিনী জানিয়েছে, ছয়জন সশস্ত্র কম্বোডিয়ান সৈন্যকে দেখতে পেয়ে এবং মাথার উপরে একটি ড্রোনের শব্দ শুনে তারা পাল্টা গুলি চালায়।