ট্যাঙ্কার ট্রাকের ভযাবহ সংঘর্ষ, বাড়ছে মৃত্যু 

0
157
ছবি সৌজন্যে : এক্স

রাজস্থানের জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অগ্নিকাণ্ড আর বিস্ফোরণের জেরে ঝলসে মৃত্যু হয়েছে আট জনের। আহত প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। আগুনে পুড়ে গিয়েছে ৪০টি গাড়ি। শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে জয়পুরের এক পেট্রল পাম্পের কাছে। পেট্রল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারে একটি ট্রাক এসে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তার পরই জোরালো বিস্ফোরণ ঘটে। প্রায় ৩০০ মিটার জুড়ে সেই বিস্ফোরণের প্রভাব পড়েছে। একের পর এক গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই ঝলসেই অনেকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, ১০ কিলোমিটার দূর থেকে তা শোনা গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

পেট্রল পাম্পের কাছাকাছি দাঁড় করানো বেশ কয়েটি রাসায়নিক এবং তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।