
ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি সাততলা অফিস বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার রাজধানী শহর জাকার্তায়।
জানা গিয়েছে, বাড়িটির একতলায় আগুন লাগে। তারপরে সেই আগুন ছড়িয়ে পড়ে বাকি অংশে। ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেন্ট্রাল জাকার্তার পুলিশ আধিকারিক সুসাতিয়ো পুরনোমো কন্দ্র জানিয়েছেন, অফিস বিল্ডিংয়ের একতলায় আগুন লাগে। সেই সময়ে বিল্ডিংয়ের মধ্যে অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন।
দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম থেকে পাওয়া ফুটেজে দেখা যাচ্ছে, দমকলবাহিনী তৎপরতার সঙ্গে আগুন নেভানোর এবং উদ্ধারের কাজ করছে। মই ব্যবহার করে উঁচু বাড়ি থেকে অনেকেই বেরিয়ে আসার চেষ্টা করছেন, এমনও দেখা গিয়েছে ওই ফুটেজে। কী ভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়।








