
ভারতের বিরুদ্ধে যে কোনও জঙ্গি কার্যকলাপ যুদ্ধ হিসাবেই গণ্য করবে ভারত। তিন বাহিনীর প্রধান, সিডিএস এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রে খবর। অর্থাৎ যে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপকেই জঙ্গি কার্যকলাপ হিসাবে দেখা হবে।
সন্ত্রাস হামলায় বারে বারে রক্তাক্ত হয়েছে ভারত। অধিকাংশ ক্ষেত্রেই এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগ পাওয়া গিয়েছে। পহেলগাঁও হামলার পর দুই দেশের মধ্যে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই আবহে এবার পাকিস্তানকে চরম বার্তা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তবে এই বৈঠকের আগে শনিবার দুপুরে প্রথমে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। সীমান্তের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রীকে।






