
শনিবার রাতে পাকিস্তানের করাচিতে আধাসেনা বাহিনীর ঘাঁটিতে আচমকা হামলা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, আধাসেনা বাহিনীর ঘাঁটির কাছে একটি বিস্ফোরণ হয়। তার পরে শুরু হয় গুলিবর্ষণ। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়।
তবে জানা যাচ্ছে, হামলায় পাকিস্তানি বাহিনীর চার জন নিহত হয়েছেন। হামলাকারীদেরও ছয় জন নিহত হয়েছেন। শনিবার রাতে করাচিতে গুলিস্তান-এ-জওহর এলাকায় রাস্তার উপর হঠাৎ বিস্ফোরণ এবং গোলাগুলি শুরু হয়ে যায়।
ঘটনার খবর পেয়েই দ্রুত ওই এলাকায় পৌঁছে যান পাকিস্তানের বিভিন্ন বাহিনীর নিরাপত্তাকর্মীরা। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর , র্যাপিড রেসপন্স ফোর্স এবং পুলিশ কমান্ডো-সহ বিশেষ ইউনিটগুলিকে বিস্ফোরণস্থলে পাঠানো হয়। গাড়ি নিয়ে আধাসেনা বাহিনীর ঘাঁটিতে হামলা করা হয়। বাহিনীর দফতরের মূল প্রবেশদ্বারে গাড়ি নিয়ে ধাক্কা মারে হামলাকারীরা। পুলিশ সূত্রে খবর, হামলায় চার জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। ছয় জন ‘সন্ত্রাসবাদী’ও নিহত হয়েছেন। বর্তমানে গোটা এলাকা ঘিরে রেখেছে স্পেশ্যাল সিকিওরিটি ইউনিট কমান্ডো, অ্যান্টি টেররিস্ট ফোর্স।
