
পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে কড়া আঘাত হেনেছে ভারত। আমেরিকায় গিয়ে অপারেশন সিঁদুর-র প্রশংসা করে এই কথাই জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি এ-ও মনে করিয়ে দিয়েছেন যে, তিনি শাসকদলের নয়, বিরোধী দলের সদস্য।
তা সত্ত্বেও মনে করেন, পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করার সময় এসেছে। সন্ত্রাসবাদ এবং তাতে পাকিস্তানের সমর্থনের বিষয়টি গোটা বিশ্বের সামনে তুলে ধরতে সাতটি প্রতিনিধি দলকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়েছে কেন্দ্র। আমেরিকায় যে দলটি গিয়েছে, তারই নেতৃত্বে রয়েছেন শশী থারুর।
নিউইয়র্কে ভারতীয় উপদূতাবাসে বসে শশী থারুর জানিয়েছেন, ৭ মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটিতে আঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী। সেই অভিযানের প্রশংসা করেছেন তিনি। আর সেই সূত্রেই জানান যে, বিরোধী দলের নেতা হয়েও তিনি মনে করেছেন, এই অভিযানের প্রয়োজন ছিল।
