
দীর্ঘ বিরতির পর আবারও কোচিংয়ে ফিরছেন এদিন তেরজিচ।বরুশিয়া ডর্টমুন্ড অধ্যায় শেষ করে প্রায় দু’ বছর বিরতির পর এবার স্প্যানিশ ক্লাব আথলেতিক বিলবাওয়ের দায়িত্ব নিয়েছেন তিনি।
এক বিবৃতিতে বিলবাও কর্তৃপক্ষ জানায়, আগামী সিজন থেকে ৪৩ বছর বয়সী এই জার্মান কোচ দলটির দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান কোচ এর্নেস্তো ভালভের্দের স্থলাভিষিক্ত হবেন।ভালভের্দের অধীনে চলতি সিজনে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে লিগে অষ্টম স্থানে রয়েছে বিলবাও।ডর্টমুন্ডে দায়িত্ব পালনকালে ২০২১ সালে জার্মান কাপ জেতান তেরজিচ। এছাড়া ২০২৪ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দলকে তুললেও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ-এর কাছে ২-০ গোলে হেরে ট্রফি হাতছাড়া হয় তাদের।ওই ফাইনালের পরপরই ডর্টমুন্ডের দায়িত্ব ছাড়েন তেরজিচ।
এরপর আর কোনো ক্লাবে যুক্ত হননি তিনি। নতুন সিজনে বিলবাওয়ের দায়িত্ব নিয়ে তার কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।







