
অবশেষে হাতে হাত রেখে ভোটে লড়তে চলেছেন উদ্ধব ও রাজ ঠাকরে। অক্টোবরে বৃহমুম্বই পুরসভার নির্বাচনে তাঁরা একসঙ্গে লড়বেন বলে নিশ্চিত করেছেন শিব সেনা উদ্ধব গোষ্ঠীর অন্যতম নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত। দীর্ঘ ২০ বছর পর সম্প্রতি কাছাকাছি এসেছে দুই ঠাকরে পরিবার।
আসলে রাজনৈতিক কারণেই হাত মিলিয়েছেন দুই তুতোভাই। কারণ, সদ্যই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে দু’দলের। উদ্ধব মুম্বই এলাকায় নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছেন। আর রাজ ঠাকরে নিজের ছেলেকেও জেতাতে পারেননি।
দুই দলই এখন অস্তিত্বের সংকটে। সে কারণেই বিএমসির ভোটে দুই ভাইয়ের একসঙ্গে লড়ার সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। এবছর পুরভোটে যে দুই খুড়তুতো ভাই একসঙ্গে লড়বেন এমন অনুমানও আগেই মিলেছিল।
