
হরমুজ প্রণালীতে পণ্যবাহী গুজরাতগামী জাহাজে হামলার ঘটনায় ২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আরও এক ভারতীয় নিখোঁজ, এক বিবৃতিতে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।
তাইল্যান্ডের পতাকাবাহী ওই বাণিজ্যিক জাহাজটি গুজরাতের কান্ডালা বন্দরে আসছিল বলে জানিয়েছে সংবাদসংস্থা। হামলার পরেই জাহাজটির একাংশে আগুন ধরে যায়।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ময়ূরী নারী ব্যাঙ্কক নামের ওই জাহাজটি থেকে ২০ জনকে উদ্ধার করেছে ওমানের নৌসেনা।তবে তিন জন জাহাজের ভিতরেই ছিল। তাঁরা কেমন রয়েছেন, নিরাপদে রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।সমুদ্রবাণিজ্যের উপর পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা জানিয়েছে, ওমান উপকূল থেকে ১১ নটিক্যাল মাইল দূরে পণ্যবাহী জাহাজটির উপরে হামলা চালানো হয়। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আকাশপথে হামলা চালানো হয়।যার মাধ্যমে হামলা চালানো হয়েছে, সেটি উদ্ধার করা গেলে এই বিষয়টি অনেকটা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।মাঝ-সমুদ্রে আগুন ধরে যাওয়ার পর জাহাজটি থেমে যায়। আগুন নিয়ন্ত্রণে আনে ওমানের নৌবাহিনী।তার পর শুরু হয় উদ্ধারকাজ। ২০ জনকে উদ্ধার করা হয়।
ভিতরে থাকা বাকি তিন জনকেও বার করে আনতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। জাহাজটির মালিকানা রয়েছে তাইল্যান্ডের সংস্থা প্রিসিয়াস শিপিং-এর হাতে। হামলার সময় পণ্য-সহ জাহাজটির মোট ওজন ছিল ৩০ হাজার টন।জানা গেছে,সংযুক্ত আরব আমিরশাহির খলিফা বন্দর থেকে ছেড়েছিল জাহাজটি। তার পর পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং আরব সাগর হয়ে জাহাজটির গুজরাতে পৌঁছোনোর কথা ছিল। তবে ওই জাহাজে কী কী পণ্য ছিল, এখনও তা জানা যায়নি।
