
পার্লামেন্টে অনাস্থা ভোটে জিতলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। পার্লামেন্টে অনাস্থা ভোটে তিনি বিরোধী দলগুলোর চ্যালেঞ্জকে পরাজিত করেছেন।
যারা তাকে তার বাবা বিলিয়নেয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পুতুল বলে অভিযোগ করেছিলেন।৩৮ বছর বয়সী কন্যা পেতংতার্নের দেশ ব্যবস্থাপনা এবং অভিজ্ঞতার অভাবের বিরুদ্ধে বিরোধী দলগুলোর সমালোচনার মুখে দু’ দিনের বিতর্কের পর এমপিরা তার পক্ষে ৩১৯ ভোট এবং বিপক্ষে ১৬২ ভোট দিয়ে অনাস্থা প্রস্তাবটি বাতিল করে দেন, সাতজন ভোটদানে বিরত ছিলেন। পার্লামেন্টের মোট ভোটার ছিল ৪৮৮।ভোটে জয়ের পর পেতংতার্ন তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। ফেসবুকে এক বার্তায় তিনি লিখেছেন, সকল ভোট, পক্ষে এবং বিপক্ষে, তাঁকে এবং মন্ত্রিসভাকে জনগণের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে।উল্লেখ্য,আধুনিক থাই ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছানির্বাসন কাটিয়ে ২০২৩ সালে দেশে ফিরে আসেন।
ঐতিহাসিক দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মামলায় আট বছরের কারাদণ্ডের কয়েক মাস তিনি একটি পুলিশ হাসপাতালে কাটানোর পর রাজা তাকে ক্ষমা করে দেন। তার সাথে এমন নম্র আচরণ একটি গোপন চুক্তির গুজবকে উস্কে দেয়।
