
যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হওয়ায় ফরাসি অভিনেতা থিও নাভারো মুসিকে এবারের কান চলচ্চিত্র উৎসবে নিষিদ্ধ করা হয়েছে। নির্মাতা ডমিনিক মলের সিনেমা ডোসিয়ার ওয়ান থ্রি সেভেন-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন থিও।উৎসব শুরুর আগেই উৎসবের মহাসচিব থিয়েরি ফ্রেমো চলচ্চিত্রের প্রযোজনা দলের সঙ্গে একমত হয়ে, থিও নাভারো-মুসিকে লাল গালিচায় অংশ নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেন।
যা কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে একটি অভূতপূর্ব পদক্ষেপ।জানা গেছে, তিনজন প্রাক্তন সঙ্গিনী ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে থিওর বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক ও মানসিক সহিংসতার অভিযোগে মামলা করেছিলেন।দীর্ঘ তদন্তের পর ২০২৫ সালের এপ্রিল মাসে মামলা প্রমাণের অভাবে খারিজ হয়ে যায়।তবে অভিযোগকারীরা জানিয়েছেন, তারা আবারও মামলা করতে যাচ্ছেন। এইবার আদালতে নিজ উদ্যোগে ,পার্টি সিভিল হিসেবে অভিযোগ আকারে মামালটি নেবে।অভিনেতার আইনজীবী মে পুজে-গালিয়ার্দি বলেছেন, তাঁর মক্কেলকে এই মুহূর্তে আইনি দিক থেকে দোষী সাব্যস্ত করা হয়নি এবং তাঁর বিরুদ্ধে কোনো প্রক্রিয়া সম্পর্কে তাঁকে কিছু জানানোও হয়নি।
এই অবস্থায় নৈতিকতার ক্ষেত্রে কান চলচ্চিত্র উৎসবে এবার পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি চলচ্চিত্রের প্রযোজনা দলকে নিশ্চিত করতে হবে যে চিত্রগ্রহণের সময় নিরাপত্তা, মর্যাদা ও নৈতিকতা বজায় রাখা হয়েছে।উৎসবের মহাসচিব থিয়েরি বলেছেন, যেহেতু মামলার ওপর আপিল হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া চলছে, তাই তাঁরা একে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে ধরে নিতে পারেন না।
